লালমনিরহাটের কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব সূত্রে জানা যায়, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ হারুন মিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ বোতল এস্কাফ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হারুন মিয়া নুরু হোসেন ওরফে নুরু শেখের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে এস্কাফ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ করতেন।
র্যাব আরও জানায়, ধৃত আসামি অভিনব কৌশল ব্যবহার করে মাদক পরিবহন ও বেচাকেনা পরিচালনা করতেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।