লালমনিরহাটে র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটে পলাতক আসামি মো. আশরাফুল হোসেনের বাড়ির পাশে অভিযান চালায়। এ সময় টিনশেড রান্নাঘরের সামনে উঠান থেকে ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) এবং ৯৪ বোতল এস্কাফ (ESkuf)সহ মোট ২৫৫ বোতল মাদক জব্দ করা হয়।
অভিযানে মোছা. শিউলী (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পলাতক আসামি আশরাফুল হোসেনের স্ত্রী।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।