রংপুরের পীরগাছায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৭ মে) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার চন্ডিপুর তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করে পীরগাছা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার একটি চৌকস টিম ৭নং পীরগাছা ইউনিয়নের চন্ডিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি ও দেখানো মতে অভিযুক্তদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
আটকরা হলেন— মোঃ মজনু মিয়া (৪৫), মোঃ মারুফ হাসান (২২), মোঃ বাবু মিয়া (৩৫) ও মোঃ মজনু মিয়া (৩৬)। তাদের সবার বাড়ি পীরগাছা উপজেলায়।
এ ঘটনায় জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।