রংপুর জেলার বেতগাড়ী ইউনিয়নে মা ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের টেকসই পুষ্টি নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গঠনের লক্ষ্যে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে এ্যাডভোকেসি ও লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বেতগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্যাভ্যাস, মাতৃ ও শিশুসেবা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবার সঙ্গে জনগণের কার্যকর সংযোগ (লিংকেজ) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ সামসুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমন্বয়কারী রাম চন্দ্র কর্মকার, ইউপি সদস্য মোঃ আলমগির, মোঃ আনারুল ইসলাম এবং উপ সহকারী কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান।
বক্তারা বলেন, হাঙ্গার প্রজেক্ট দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে পুষ্টি, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও কৃষি বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে সংস্থাটি।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের এ্যাডভোকেসি ও লিংকেজ সভার মাধ্যমে জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টিসেবা সম্পর্কে সচেতন হবে এবং একটি পুষ্টি সমৃদ্ধ, সুস্থ ও উন্নত গ্রাম গঠনে সহায়ক ভূমিকা রাখবে।