দিনাজপুরের বীরগঞ্জ পল্লীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (০৮) নামে শিশু স্কুলছাত্র নিহত হয়েছে।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি আঞ্চলিক পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।
জাহিদ হাসান উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মধ্যপাড়া গ্রামের আকাশ হোসেনের ছেলে।

সে বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে আওলাকুড়ি আঞ্চলিক সড়কের বলরামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঢাকা মোট্রা-২৪-৮৬৫৩ নম্বরের ট্রাকটি জাহিদ হাসানের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ হাসান নিহত হয়।
এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক এবং চালক আলামিন হোসেন ( ২৬) কে আটক করেছে।
এ ব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, ছাত্র জাহিদ স্কুল থেকে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে খালি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। চালক এবং ট্রাক আটক করা হয়েছে।
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে বীরগঞ্জ থানায় সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।