আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে ৩৩টি মাদক মামলার আসামি ও এলাকার চিহ্নিত মাদক কারবারি সাহিদা বেগম রুপাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার, ১১ সেপ্টেম্বর দুপুরে ডোমার পৌরসভার ছোটরাউতা কাজী পাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে ধরে ডোমার থানা পুলিশ। নীলফামারী জেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিক প্রতিবেদনটি পাঠিয়েছেন।
বিয়াল্লিশ বছর বয়সী সাহিদা বেগম রুপা ওই এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদকের অবৈধ কারবার চালিয়ে আসছিল। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। থানা সূত্র জানিয়েছে, অভিযানকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের কাছে রুপা একটি আতঙ্কের নাম ছিল। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে তার এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এমনকি তার মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসী ইতোমধ্যেই কঠোর আন্দোলনও গড়ে তুলেছিলেন। অবশেষে পুলিশের জালে এই মাদক কারবারি ধরা পড়ায় স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ জানান, গ্রেফতারকৃত রুপা একজন পেশাদার ও চিহ্নিত মাদক কারবারি। নীলফামারী জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আগে থেকেই ৩৩টি মাদক মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ডোমার উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে তিনি স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839