• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে নিখোঁজ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে হত্যাকাণ্ডের সন্দেহ দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ গঙ্গাচড়ায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেম ও সাড়ে ১০ লাখ টাকা প্রতারণা, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে তথ্য কমিশন: তথ্য উপদেষ্টা ডোমারে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে কৃষকের দেড় বিঘা জমির ধান নষ্টের অভিযোগ বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে তথ্য কমিশন: তথ্য উপদেষ্টা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

এক মাসের মধ্যে তথ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, তথ্য অধিকার আইনে আবেদন করে জনগণ যাতে সহজে ও দ্রুত প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে নতুন তথ্য কমিশন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, তথ্য কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হবে। কমিশনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে যাতে পক্ষপাতিত্ব, বঞ্চনা কিংবা কাউকে বাদ দেওয়ার অভিযোগ না ওঠে, সেভাবেই এর কাঠামো নির্ধারণ করা হবে। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই হবে কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য।

গণমাধ্যমের পরিচয় ও বিভিন্ন ধরনের কার্ড প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তাঁকে নিয়েও বিভিন্ন ধরনের কার্ড তৈরি করা হচ্ছে। প্রকৃত ও মূলধারার গণমাধ্যমকে সঠিক জায়গায় আসতে হবে। গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, কেউ জেনেশুনে মিথ্যা তথ্য প্রচার করলে কিংবা সরকারের সমালোচনার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের সমালোচনা করার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে মনোকষ্ট পেয়েছেন।

আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনার কারণে তারা জনগণের কথা ভাবেনি। বর্তমান সরকার নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দেশজুড়ে সংস্কৃতির প্রসার এবং যুবসমাজকে দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করছে।

জাহেদ উর রহমান আরও বলেন, একটি দেশকে এগিয়ে নিতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশও জরুরি। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও মুক্তচিন্তার সঙ্গে যুক্ত করতে সরকারি উদ্যোগ আরও জোরদার করা হবে।

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category