রংপুরের গঙ্গাচড়া উপজেলা-র ঐতিহ্যবাহী বেতগাড়ী হাট সংলগ্ন কিশামত শেরপুর (হাতাশপুর) নূরানী হাফিজিয়া মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ০৭ জুন ২০২৬ ইং তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সহযোগিতায় জরাজীর্ণ অবকাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসা এ কওমী মাদ্রাসাটি ইতোমধ্যে হাজারের অধিক হাফেজে কোরআন তৈরি করে দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, কওমী মাদ্রাসাগুলো সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমেই পরিচালিত ও সমৃদ্ধ হয়। তিনি মাদ্রাসার নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সমাজের সর্বস্তরের মানুষকে উদারভাবে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ চাঁদ সরকার। এছাড়াও বক্তব্য রাখেন সম্মানিত আলেম মুফতি আমিমুল ইহসান এবং মুফতি আমানুল্লাহ আহমাদ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসার নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।