আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আসাদুজ্জামান নূর আসাদের নাম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
আসাদুজ্জামান নূর আসাদ দেবীগঞ্জ উপজেলার সন্তান। তাঁর বাড়ি টেপ্রীগঞ্জ বাজারের পাশে ১নং চিলাহাটি ইউনিয়নের ভেলাকোবা গ্রামে। তিনি মোঃ আইনুল হকের একমাত্র ছেলে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান নূর আসাদ বলেন,দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–২ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষার পক্ষে কাজ করতে চাই। বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তিনি আরও বলেন,নির্বাচন শুধু অংশগ্রহণের বিষয় নয়-এটি একটি বড় চ্যালেঞ্জ। আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে। দলের মর্যাদা বজায় রেখে মাঠে কাজ করবো। আমার বিশ্বাস, পঞ্চগড়–২ আসনের মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচন করবে। ইনশাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবো।
আসাদুজ্জামান নূর আসাদ বর্তমানে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।