দিনাজপুরের বীরগঞ্জে মাদকের নীল দংশন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ গণ-উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ সরকারি কলেজের হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাদকাসক্তির বর্তমান চিত্র এবং এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য এক নীরব সংকটের নাম। এটি কেবল একজন ব্যক্তির জীবন কেড়ে নেয় না, বরং একটি সাজানো গোছানো পরিবার এবং সামগ্রিক সামাজিক কাঠামোকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তিনি বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, কিশোর ও তরুণরা প্রায়শই নানা প্রলোভন কিংবা ভুল সঙ্গের খপ্পরে পড়ে মাদকের পথে পা বাড়াচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে হলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা, পারিবারিক সুদৃঢ় মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রতিটি পরিবার যদি তাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখে, তবেই এই সমস্যা নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি, যিনি বর্তমানে অফিসার ইনচার্জ হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মাদকবিরোধী অভিযানে সাফল্য পেতে হলে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এই শিকড় উপড়ে ফেলা কঠিন, যদি না সমাজ সম্মিলিতভাবে মাদক ব্যবসায়ীদের বয়কট করে। সভায় বক্তারা শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর জীবনের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পরামর্শ দেন। সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যারা মাদকমুক্ত বীরগঞ্জ গড়ার শপথ ব্যক্ত করেন।