• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বাসের চাদরে টান: শ্বশুরবাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার

পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাঠ্যক্রম ভিত্তিক নাট্য ভাবনায় সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শারিয়ালজোত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। পঞ্চগড় জেলা প্রশাসনের অনন্য উদ্যোগে এই কার্যক্রমটি সার্বিকভাবে বাস্তবায়ন করছে প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর।

 

প্রান্তিক এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের বিষয়গুলো নিয়ে নাটক নির্মাণ করে এবং নিজস্ব স্কুল মাঠেই তা প্রদর্শিত হয়। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিশুদের আনন্দের মধ্য দিয়ে শিক্ষা প্রদান করা। এর আগে শিক্ষার্থীদেরকে ৭ দিন ব্যাপি থিয়েটারের বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেয়া হয়। বিদ্যালয়ের ৫ টি শ্রেণী থেকে মোট ২৫ জন শিক্ষার্থীকে নির্বাচন করে একটি বিশেষ থিয়েটার ক্লাব প্রতিষ্ঠা করা হয়। পাঠ্যক্রমে যুক্ত গল্প বা নাটকের মাধ্যমে তাদেরকে মেডিটেশন, ব্যায়াম, শুদ্ধ উচ্চারণ, সাবলীলভাবে কথা বলা, অভিনয়, গল্পপাঠ, সঙ্গীত, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, প্রকৃতি ও পরিবেশ এবং পজিটিভ আচরণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা নিজেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি নাটক নির্মাণ করে এবং নিজেরাই সেখানে চমৎকার অভিনয় ফুটিয়ে তোলে। উদ্যোক্তারা জানিয়েছেন এই শিক্ষণীয় প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান থাকবে। প্রতিষ্ঠাকৃত থিয়েটার ক্লাবের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরাও ভবিষ্যতে এই সিলেবাস থিয়েটারের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

 

উদ্বোধনী দিনে শারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থিয়েটার ক্লাব শারিয়াল থিয়েটার মঞ্চস্থ করে বিশেষ নাটক বাঁশিওয়ালা। নাটকটি নির্দেশনা দেন সরকার হায়দার। এতে অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় করে বিদ্যালয়ের শিক্ষার্থী আরুশা, সারা, আশরাফি, রোমিও, মেহেদী, সাদিকুল, জেসিকা, রিমি, জান্নাতি, মনি, রাতুল, ইমরান, সোহান, বাইজিদ, নিহাদ, হ্যাপি, সামিয়া, ইতি, ফয়সাল, সৌরভ ও মাহিম। নাটকটির ব্যবস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান (হাবিব), প্রযোজনায় ছিলেন রেজাউল ইসলাম, পোশাক ও প্রপস পরিকল্পনায় ফাহিম আহমেদ এবং নান্দনিক সঙ্গীত পরিকল্পনা করেন রইসউদ্দিন।

 

কারিগর সংস্থায় কর্মরত নির্বাহী পরিচালক সরকার হায়দার জানান, প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা সচরাচর সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার সুযোগ পায় না। অথচ আমাদের পাঠ্যক্রমেই বিচিত্র সাংস্কৃতিক বিষয় ছড়িয়ে রয়েছে। স্কুল সিলেবাস থিয়েটার শিক্ষার্থীরা উপভোগ করার পাশাপাশি একসাথে তাদের অভিভাবক ও এলাকার সুধীজনও সমানভাবে উপভোগ করতে পারবেন। তিনি জেলা প্রশাসনের এই কাজকে একটি অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। একটি পাইলট প্রকল্প হিসেবে তেঁতুলিয়া উপজেলার ১০ টি বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালিত হবে এবং পরবর্তীতে দশটি নাটক নিয়ে একটি বৃহৎ নাট্য উৎসবের আয়োজন করা হবে।

 

নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে শিশু শিক্ষার্থী রাতুল ইসলাম বলে, আমরা এই কার্যক্রমের মধ্য দিয়ে নিজেরা যোগব্যায়াম, হাতের ব্যায়াম এবং মুখের ব্যায়াম শিখেছি। একই সাথে কিভাবে শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলা যায় এবং কিভাবে ইংরেজিতে ও বাংলাতে নিখুঁত উচ্চারণ করতে হয় তা খুব ভালোভাবে শিখেছি।

 

জান্নাতি নামের আরেক শিক্ষার্থী আবেগপ্লুত হয়ে বলে, আমরা সীমান্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা আগে কখনো নাটক করার সুযোগ পাইনি। এবারই প্রথম আমরা এরকম নাটকে সরাসরি অংশ নিয়েছি। এখন আমরা সবার সামনে ভালোভাবে কথা বলতে পারছি ও অভিনয় করতে পারছি, এতে আমাদের ভীষণ ভালো লাগছে।

 

শারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান জানান, সীমান্ত এলাকার শিশুরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। শহরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন আধুনিক সুযোগ সুবিধা পান, এখানকার প্রান্তিক বাচ্চারা তেমন সুযোগ সুবিধা পান না। তবে এবার তারা পাঠ্যক্রমের বিভিন্ন পড়া নাটকের মাধ্যমে নতুনভাবে শিখছে। এতে যেমন তাদের মাঝে সুসংগঠিত সাংস্কৃতিক চর্চা হচ্ছে, তেমনি তাদের ভেতরের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হচ্ছে। এমন আয়োজনের জন্য তারা আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, থিয়েটার হলো একটি কম্পোজিট আর্ট। এটি শুধু নিছক নাটক বা অভিনয় নয়। একজন অভিনেতাকে নানা যোগ্যতায় যোগ্য হয়ে উঠতে হয়। তাঁর খাবার, পোশাক-আশাক এবং কথা বলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আর্টকে অনুসরণ করতে হয়। তাই থিয়েটারের এই ধরনের প্রশিক্ষণ সকল মানুষের মানসিক বিকাশের জন্য একটি অনুসরণীয় বিষয়। অন্যদিকে এই মাধ্যমের মাধ্যমে পাঠ্যক্রমের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে প্রান্তিক শিশুদের পাঠদান করলে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, মনস্তাত্ত্বিক বিকাশ ঘটবে এবং তাদের ভেতরের সৃজনশীলতা অনেকাংশে বৃদ্ধি পাবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমাম রাজী টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি মকবুলার রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট সুধীজন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ