পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার এলএসডি মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে দুই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পরে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেফতার করে।
আটক ব্যক্তিরা হলেন, পঞ্চগড় সদর থানা বসুনিয়াপাড়া এলাকার মোঃ হাফিজুল ইসলামের ছেলে মোঃ মোতালেব হোসেন (৩২), লঙ্করপাড়া এলাকার তুফিয়া মাহমুদের ছেলে মোঃ হাসিবুল ইসলাম (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থানার জিডি নং—১২৪১, তারিখ ২৬/১১/২০২৫–এর ভিত্তিতে মোবাইল ডিউটিতে থাকা পুলিশের একটি টিম দুপুর ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে স্থানীয়রা দুই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে রাখে। জনতার উত্তেজনার কারণে মারধরের আশঙ্কা দেখা দিলে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
ঘটনাস্থলে থাকা কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দুপুর ১টা থেকে দুই ব্যক্তি এলাকায় বারবার ঘোরাফেরা করছিলেন, যা সন্দেহ সৃষ্টি করেছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা পরিচয় দিলেও ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। বরং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ আছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে যে তারা কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিলেন। উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশিতে কোনো ধরনের অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ঘটনাটি নিয়ে কেউ আনুষ্ঠানিক অভিযোগ না করায় আসামিদের কার্যবিধি ১৫১ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।