আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি ও চুরি প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী, জুয়েলার্স এবং মোবাইল ফোন শোরুমের মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে ডোমার থানা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডোমার বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ী সম্প্রদায়ের ধনসম্পদ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারুক আহম্মেদ (পিপিএম)। তিনি বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সজাগ থাকার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় ডোমার বাজারের ব্যবসায়ী নেত্রীবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে নিজ নিজ মতামত তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন ডোমার বাজার দোকান মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শেখর সাহা ও মিন্টু সাহা। এ ছাড়া জুয়েলারী মালিক সমিতির সভাপতি আজাদুল ইসলাম, ডোমার থানার এসআই আবু হাসান, এসআই অমিত কুমার দে এবং এএসআই হেলাল হোসেন সহ স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।
পৌরসভা ও বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চুরি রুকতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পাহারার ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতি ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নৈশ প্রহরী ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় তিনি বাজারের নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর করতে সকল ব্যবসায়ীর আন্তরিক সহযোগিতা কামনা করেন, যাতে সবাই নির্ভয়ে ও নিরবচ্ছিন্নভাবে বাণিজ্য পরিচালনা করতে পারেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839