আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: জামালপুরের সরিষাবাড়ীতে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বেপারী পাড়া খুশির ভিটায় ভুক্তভোগী শফিকুল ইসলামের নিজ বাড়িতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

‘হুমকি ও হয়রানি বন্ধ করো, পৈতৃক ভিটায় বসবাসের অধিকার নিশ্চিত করো’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাক গংয়ের বিরুদ্ধে মৎস্যজীবী শফিকুল ইসলাম ও তার পরিবারের ওপর বর্বর হামলা, বসতঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং মারধরের অভিযোগ তোলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অপরাধের ঘটনায় পূর্বে মামলা দায়ের করা হলে তার ভিত্তিতে গত রোববার ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশ মামলার ১৭ নম্বর বিবাদী আমিনুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। তবে পরবর্তী সময়ে চালানকৃত আসামিসহ মোট ১৭ জন বিবাদী আদালত থেকে জামিনে বেরিয়ে এসে বাদী শফিকুল ইসলামকে মামলা তুলে নিতে চাপ প্রদান করতে থাকে। এমনকি তারা ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার এবং প্রাণনাশের হুমকি দিয়ে চরম হয়রানি করে আসছে।
জামিনে মুক্ত হয়ে আসামিরা প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করায় নিজেদের পৈতৃক ভিটায় নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বাধ্য হয়ে মানববন্ধনে নামেন শফিকুল ইসলাম ও তার পরিজন। অনাকাঙ্ক্ষিত হামলা ও হুমকির কারণে পুরো মৎস্যজীবী পরিবারটির মধ্যে এখন তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী ও ভুক্তভোগী শফিকুল ইসলাম, ইমরান হোসেন, রওশনারা বেগম, শেফালী আক্তারসহ স্থানীয় অধিবাসীরা। বক্তারা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839