যুদ্ধ
— এ বি এম সোহেল রশিদ
বেশ—
তাই হোক, শুরু হোক যুদ্ধ!
বুকে উথাল-পাথাল ঝড়
ভেঙেচুরে দেয় যে সীমানা
আজ তার বিরুদ্ধেই যুদ্ধ।
চোখে স্বপ্ন ছিল অবরুদ্ধ,
প্রেম ছিল লজ্জার আড়ালে বন্দী—
আজ,
সেই স্বপ্নের বাঁধন খুলে দেওয়ার যুদ্ধ,
মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ,
বিরহের বিরুদ্ধে যুদ্ধ,
ভালোবাসা পাওয়ার যুদ্ধ,
ভালোবাসা দেওয়ার যুদ্ধ।
না,
আমি যুদ্ধে হারতে আসিনি—
আমি এসেছি জিততে,
আমি এসেছি ভালোবাসা নিতে।
ফেলে আসা সকাল, বিকেল, রাত—
সবটুকু চাই ফিরে পেতে।
বলেছিলে,
ভালোবাসার দেউলিয়াত্বে
আমার মন নাকি ফেরারী!
আমি নাকি শুধুই আহাজারি!
আজ সব বিভ্রান্তির মুখোমুখি দাঁড়িয়ে
দাঁতভাঙা জবাব দিতে এসেছি।
তোমার সবটুকু দুঃখ,
টইটম্বুর নোনা নদী—
হৃদয়ের সুতীব্র ব্যথায়
জয় করতে এসেছি।
লড়তে চাও? লড়তে হলে
আমার মতো হৃদয় চাই,
রোদ্দুর ভরা আকাশ চাই,
মেঘের ফাঁকে রঙধনু চাই
নোঙর ফেলার আকুতি চাই
যা সেদিন পারিনি—
আজ তা-ই করবো
চড়ুইদের মতো আহ্লাদী হবো
পাতার ফাঁকে মাকড়সার জাল হবো
শিমুল রাঙা গোধূলি হবো
চারটি পা এক করবো
আত্মবিশ্বাসের সুতোয় বাঁধবো।