পঞ্চগড়ের তরুণ সমাজকে নীতি-নির্ধারণ ও নেতৃত্ব চর্চায় দক্ষ করে তুলতে জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘যুব সংসদ’। আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ও শনিবার (১৭ জানুয়ারি) দুই দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজনটি চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইয়ুথ পার্লামেন্টের সদস্য ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার সোহাগ এবং পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী লতিফা ইয়াসমিন শান্তু। এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাকিল হাসান এবং ক্রিয়েটিভ অলিম্পিয়াড ঢাকা’র নির্বাহী প্রধান মো. তন্ময় ইসলাম।
আয়োজকরা জানান, এটি মূলত একটি তারুণ্যনির্ভর সংসদীয় অনুশীলনমূলক প্ল্যাটফর্ম। পঞ্চগড় জেলার প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত ২৫০ জন তরুণ এই সংসদে ‘সংসদ সদস্য’ হিসেবে অংশগ্রহণ করবেন। এই আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে পলিসি মেকিং বা নীতি-নির্ধারণ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনার চর্চা তৈরি করা।
অধিবেশন চলাকালীন তরুণ প্রতিনিধিরা নিজ নিজ ওয়ার্ডের সমস্যা, প্রতিবন্ধকতা ও উন্নয়নের সম্ভাবনাগুলো চিহ্নিত করবেন। এরপর সেগুলোর ওপর ভিত্তি করে সংসদে বিল বা প্রস্তাব উত্থাপন করা হবে। এই বুদ্ধিবৃত্তিক ও বাস্তবভিত্তিক পরিকল্পনাগুলো পরবর্তীতে সুপারিশ আকারে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে, যা পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
যুব সংসদের এই বিশেষ অধিবেশনে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন আহসানিয়া মিশন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আশরাফুল ইসলাম রনি এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ইউনিভার্সিটি সেক্রেটারি শারমিন সুলতানা নিশি।
তারুণ্যের এই মিলনমেলা থেকে আগামীর দায়িত্বশীল জনপ্রতিনিধি ও যুক্তিবাদী নেতৃত্ব বেরিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।