1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

লালন সরকার, সিনিয়র রিপোর্টার (ক্রাইম),পঞ্চগড়
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মশার প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলমান থাকবে। কর্মসূচির আওতায় পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান, বাসাবাড়ি ও বিভিন্ন কর্মস্থলে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযানে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ বাসা, কর্মস্থল এবং আশপাশের এলাকা পরিষ্কার রাখা হচ্ছে। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, এডিস মশার প্রজননস্থল যে কোনো উপায়ে ধ্বংস করতে হবে। অন্যথায় এ মশা দ্রুত বিস্তার লাভ করে মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।” তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে প্রাণহানির ঘটনায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

অভিযানের অংশ হিসেবে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ফুলের টবসহ সম্ভাব্য প্রজননস্থলগুলো শনাক্ত করে ধ্বংস করা হয়। পাশাপাশি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

এসময় পৌর ইঞ্জিনিয়ার সাখওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার এ.কে. ভূঁইয়া, দেবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহারুল আলম জিন্নাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌরসভার এ উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন নাগরিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা জানান, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা, যা সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।

পৌর কর্তৃপক্ষ জানায়, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026