আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: লালমনিরহাট ও রংপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮৫টি ইয়াবা বড়ি এবং সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। মাদক কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে এসব ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ১৩-এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী তথ্যগুলো নিশ্চিত করেছেন।
এসআরবি-১৩ সূত্রের খবর অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের একটি পাকা সড়কে অভিযান পরিচালনা করে সিপিএসসি, এসআরবি-১৩-এর একটি বিশেষ দল। অভিযানকালে ৩৮৫টি ইয়াবা বড়িসহ মো. শাহিদুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খোর্দ্দ বিছন্দই গ্রামের মকছুদার রহমানের ছেলে।
এর পরদিন আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর চাকলা গ্রামে অপর একটি সফল অভিযান পরিচালিত হয়। সেখানে স্থানীয় লিটন ইসলামের বাড়িতে অভিযান চালায় এসআরবি-১৩-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। উক্ত বাড়ি থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন আভিযানিক দলের সদস্যরা।
তারাগঞ্জে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আলমপুর চাকলা গ্রামের মো. লিটন ইসলাম (৩৭), কুর্শা মন্দিরপাড়া গ্রামের বাবুল চন্দ্র রায় (৬৫), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর গ্রামের মো. আল-আমিন (১৯) এবং খায়রুল আলম রনি (২৬)।
এসআরবি-১৩ সূত্রে আরও জানানো হয়েছে যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত আলামত এবং আসামীদের পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839