আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। উদ্ধার করা হয়েছে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ আট হাজার ৯০ টাকা এবং একটি মোটরসাইকেল।
আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব হাতিয়া গ্রামের মো. মমতাজ আলীর ছেলে মো. সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী থানার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে মো. নুরুজ্জমান মিয়া (৪২)। শনিবার রাত পৌনে নয়টার দিকে সুন্দরগঞ্জ থানার বালারছিড়া মোড় এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায় এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল।
নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে পরীক্ষা করা হলে তাদের হেফাজতে থাকা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্ধ করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকেই উদ্ধার করা আলামতসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনার পর এসআরবি-১৩ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
জব্দ করা ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেল সহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839